বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর না থাকায় বগুড়া বিমানবন্দরকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়ায় একটি বিমানঘাঁটি স্থাপনের অনুমোদনও ইতোমধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমান এই ঘাঁটিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া তুরস্কের সহযোগিতায় একটি ড্রোন উৎপাদন কারখানা বগুড়ায় স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নে সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করছে। শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক সুবিধা সম্প্রসারণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়েছে এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য দেশের সব জেলার সমান উন্নয়ন নিশ্চিত করা। সেই নীতির অংশ হিসেবেই বগুড়ার যোগাযোগ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

নিজ পরিবারের বিষয়ে উত্থাপিত সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, স্বজনপ্রীতির অভিযোগ এড়াতে তার সন্তানকে একটি দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং তিনি তা করেছেন। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পদ বৃদ্ধির অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার নির্বাচনী হলফনামায় সব তথ্য উল্লেখ রয়েছে। কোনো সম্পদ অর্জন বৈধ না অবৈধ—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলেই সত্য উদঘাটিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন