জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান উপলক্ষে পুরো ভেন্যু বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
এর আগে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী জানান, রাজধানীতে মাসব্যাপী পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা শহরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে।
তিনি আরও জানান, এবারের বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল থাকবে। এছাড়া আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বন ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে ‘স্মার্ট ফরেস্ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।