বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ
প্রতিকী ছবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে এলএনজি সরবরাহ, বিদেশি বিনিয়োগ এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা জোরদারের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ অংশ নেন।

বৈঠকে তুরস্কের পক্ষ থেকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে আগ্রহের কথাও জানানো হয়।

জ্বালানি উপদেষ্টা তুরস্কের বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জ্বালানি খাতে, বিশেষ করে এলএনজি সরবরাহ ব্যবস্থায় বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতাও আরও জোরদার করা প্রয়োজন। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে ভবিষ্যতে জ্বালানি খাতে যৌথ উদ্যোগ ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন