সেই নিরাপত্তাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

রাজধানীর রমনা এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন নিরাপত্তাকর্মী আব্দুস সালাম। প্রতিদিনের মতো নিজের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একটি ভিন্ন কাজও করতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন।
দীর্ঘদিন ধরে চলা এই নীরব শুভেচ্ছা একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার জন্য একটি উপহার পাঠানো হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের হাতে উপহার তুলে দেন। এ সময় তিনি তার শারীরিক অবস্থা ও পারিবারিক খোঁজখবরও নেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। স্ট্রোকের কারণে আগের পেশা গাড়িচালকের কাজ ছেড়ে প্রায় আট মাস আগে তিনি নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন। বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনের ফাঁকেই প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়া-আসার সময় তিনি বুথের সামনে দাঁড়িয়ে হাতে ধানের শীষ নিয়ে শুভেচ্ছা জানাতেন। প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাসিমুখে হাত নেড়ে তার শুভেচ্ছার জবাব দিতেন।
প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। তিনি বলেন, কোনোদিন ভাবেননি তার এই ছোট্ট ভালোবাসা ও সম্মান প্রধানমন্ত্রীর নজরে আসবে।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিনই তাকে সালাম জানাই। তিনিও আমাকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠিয়েছেন। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।”
স্থানীয়দের মতে, একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এই সাড়া মানবিকতার একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে থাকবে।