পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল, বদলাচ্ছেন সচিব ও একাধিক রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে বড় ধরনের রদবদলের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পাশাপাশি একাধিক রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধির দায়িত্বেও পরিবর্তন আনা হচ্ছে।
সরকারি সূত্র জানিয়েছে, চলতি মাসেই বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের স্থলাভিষিক্ত হতে পারেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। তার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
অন্যদিকে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ নিয়োগও চূড়ান্ত হয়েছে।
বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পাঠানোর প্রস্তুতি চলছে। দিল্লিতে বর্তমানে দায়িত্ব পালন করা রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এদিকে, জেনেভায় বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে দেশে ফিরিয়ে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বর্তমান রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন প্রশাসনের অধীনে দেশের কূটনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করতেই এই ব্যাপক রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে।