স্থানীয় নির্বাচন হবে জাতীয় ভোটের অভিজ্ঞতায়, বিধিমালাও হালনাগাদ করছে ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আরও সুষ্ঠু ও কার্যকরভাবে আয়োজন করতে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন ব্যবস্থা, সংস্কার ও পর্যবেক্ষণ বিষয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একই ধরনের নয় এবং এগুলোর আইনি কাঠামোও ভিন্ন। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন দিক আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা এবং নির্বাচন পরিচালনার অন্যান্য কার্যক্রমে সেই অভিজ্ঞতা প্রয়োগ করা হবে।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন, পর্যবেক্ষক সংস্থাগুলোর সুপারিশ এবং অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচনের মানোন্নয়নে কাজ করছে কমিশন। পর্যবেক্ষকদের গঠনমূলক পরামর্শ বাস্তবায়ন করা গেলে নির্বাচন ব্যবস্থা আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।