বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন এ কে এম ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন এ কে এম ওয়াহিদুজ্জামান
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত এক আধা-সরকারি পত্রে জানানো হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-৩ অনুযায়ী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যে এ নিয়োগে সম্মতি দিয়েছেন।

পত্রে উল্লেখ করা হয়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যও রয়েছে।

এ কে এম ওয়াহিদুজ্জামান শিক্ষা, জলবায়ু, ভূ-তথ্য ব্যবস্থা (জিআইএস), পরিবেশ ও ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন গবেষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে একটি ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করার পর তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, অভিবাসন, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং রিমোট সেন্সিং বিষয়ে তার গবেষণা ও আন্তর্জাতিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। এসব অভিজ্ঞতা জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন