বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মানবপাচার দমনে যৌথ উদ্যোগে একমত বাংলাদেশ-ভিয়েতনাম

মানবপাচার দমনে যৌথ উদ্যোগে একমত বাংলাদেশ-ভিয়েতনাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ও ভিয়েতনাম মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও ভিয়েতনামের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

আলোচনার শুরুতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকারকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহী।

১৯৭৩ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও জনগণের পারস্পরিক সংযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী, কর্মজীবী ও পারিবারিক ভিসা আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, মানবপাচার, মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়ানো প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ইতোমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষর হলে এ বাণিজ্য আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমতি দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মানের বাংলাদেশি ওষুধ আমদানি এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে ভিয়েতনামের উদ্যোক্তাদের আহ্বান জানান।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আরসিইপি সদস্যপদ অর্জনের ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন কামনা করে বাংলাদেশ।

জবাবে ভিয়েতনাম প্রতিনিধিদল বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয় এবং দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন