দেশে হামের উপসর্গে আরও ১ শিশুর প্রাণহানি

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ শিশুর শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২ জনে।
গত ২৪ ঘণ্টায় ২১৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৮১৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে নতুন আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যা ১ হাজার ৩২।
এই সময়ে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭৮২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ১৩ হাজার ৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ৯০ হাজার ৫২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৬ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।