সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মাঠপর্যায়ে সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম, রণকৌশল ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি পায়ে হেঁটে প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে চলমান মহড়া সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী একটি অপারেশনাল ব্রিফিং শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্র ব্যবহারের কৌশল এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
তিনি সেনা বাঙ্কারে গিয়ে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। এতে প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তিনি জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি আরও বলেন, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে নিজেদের সক্ষমতা ধরে রাখতে নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর ভবিষ্যৎ সাফল্য কামনা করে তিনি প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর সামরিক সচিবসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।