অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর থেকে দেশজুড়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি বিস্তারিত রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনঅভিযোগের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোথাও অনিয়ম বা ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এজন্য খাদ্য ব্যবসায়ীদের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থা জোরদার করা হবে।
সাভারে একটি রাজনৈতিক সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কটূক্তি বা বিতর্কিত মন্তব্য দুঃখজনক হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা সব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে বিষয়টি নিয়ে নীতিগত ও আইনি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।