পল্লী উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বিগত সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, আগের সরকারের নানা কর্মকাণ্ডের কারণে গ্রামীণ উন্নয়ন ও বিভিন্ন সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নকে গতিশীল করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পল্লী উন্নয়ন বোর্ডকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিআরডিবির সমবায়ের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন মন্ত্রী ও সংশ্লিষ্টরা। দেশের প্রায় ১ লাখ ৮১ হাজার সমবায় সংগঠক এসব পণ্য বাজারজাতকরণের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানানো হয়।
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানও এসব উদ্যোগের অংশ।
পরে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত আরেক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।