অক্টোবরে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি: ইসি

আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, সিটি করপোরেশনগুলোতে বর্তমানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের বড় দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন কাজ করছে। এ জন্য নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সীমানা নির্ধারণের বিষয়ে সরকারকে শিগগিরই চিঠি দেওয়া হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।