বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ডে কেয়ার সেন্টার বাড়াতে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

ডে কেয়ার সেন্টার বাড়াতে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করতে মানসম্মত ডে কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ডে কেয়ার সেন্টার শুধু শিশুদের নিরাপদ রাখার স্থান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি।

সোমবার (৬ জুলাই) রাজধানীর পান্থপথে পানি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুর জীবনের প্রথম কয়েকটি বছরই তার শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, সহনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ গড়ে ওঠে।

তিনি জানান, কর্মজীবী মায়েরা এখনও সন্তান পরিচর্যার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। নিরাপদ ও মানসম্মত ডে কেয়ার সেন্টারের অভাব তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমানে দেশে ১২৩টি শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে মাত্র ৭ হাজার ৩৬০ জন শিশু সেবা পাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তাই দেশের বিভিন্ন অঞ্চলে দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কেয়ারগিভাররা শুধু শিশুদের দেখভাল করেন না, বরং তাদের চরিত্র ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের আন্তরিক পরিচর্যা শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করার পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদুর রহমান বলেন, শিশুদের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ আরও সম্প্রসারণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করা হবে।

কর্মশালায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু সমন্বয়) শবনম মোস্তারী।

এ সময় পানিসম্পদবিষয়ক মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন