জেদ্দায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র বিরল কোরআন সংগ্রহ

সৌদি আরবের ঐতিহাসিক নগরী জেদ্দার আল-বালাদ এলাকায় অবস্থিত রেড সি মিউজিয়ামে (লোহিত সাগর জাদুঘর) পবিত্র কোরআনের বিরল ও ঐতিহাসিক সংস্করণ নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে সমুদ্রপথে হজযাত্রার শতবর্ষের ইতিহাস এবং সেই যাত্রার সঙ্গে জড়িয়ে থাকা ইসলামী ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।
জাদুঘরের একটি বিশেষ প্যাভিলিয়নে বিভিন্ন সময়ের দুর্লভ কোরআনের কপি, ইসলামী গ্রন্থ, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং প্রাচীন মানচিত্র প্রদর্শিত হচ্ছে। এসব মানচিত্র অতীতে সমুদ্রপথে মক্কাগামী হজযাত্রীদের পথনির্দেশনায় ব্যবহৃত হতো।
প্রদর্শনীতে সপ্তদশ শতাব্দীর চীনা কোরআন পাণ্ডুলিপি, ঊনবিংশ শতাব্দীর কাশ্মীরি সংস্করণ এবং উসমানীয় আমলের একটি ক্ষুদ্রাকৃতির কোরআনের কপি বিশেষভাবে দর্শনার্থীদের নজর কাড়ছে। সোনালি অলংকরণ, সূক্ষ্ম ক্যালিগ্রাফি এবং নান্দনিক বাঁধাইয়ের মাধ্যমে প্রতিটি পাণ্ডুলিপিতে সে সময়ের অনন্য শিল্পরীতির পরিচয় পাওয়া যায়।
এ ছাড়া প্রদর্শনীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক গ্রন্থ, ধর্মীয় সাহিত্য এবং প্রশংসামূলক কাব্যগ্রন্থও স্থান পেয়েছে। সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১৫০৬ খ্রিস্টাব্দের একটি বিরল পাণ্ডুলিপি, যেখানে মসজিদুল হারাম ও মসজিদে নববীর চিত্র অঙ্কিত রয়েছে। হজযাত্রার ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হয়।
আয়োজকদের মতে, এই প্রদর্শনীর মাধ্যমে পবিত্র কোরআনের সংরক্ষণ, ক্যালিগ্রাফি, অলংকরণ ও বই বাঁধাই শিল্পের দীর্ঘ ঐতিহ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে সমুদ্রপথে আগত কোটি কোটি হজযাত্রীর আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও মানবিক যাত্রার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।