প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হলো স্মারক ডাকটিকিট

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ— সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৬ জুলাই সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড প্রকাশ করেছে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং এ খাতে অবদানের গুরুত্ব তুলে ধরা। পাশাপাশি জাতীয় পল্লী উন্নয়ন দিবস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।