ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।
এছাড়া সরকারি প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অবিলম্বে কার্যকর হবে।