বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জুলাই অভ্যুত্থান নিয়ে অপপ্রচার: ৬ জনের নামে জিডি

জুলাই অভ্যুত্থান নিয়ে অপপ্রচার: ৬ জনের নামে জিডি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ মোট ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে অভিযোগটি থানায় জমা দেওয়া হলে তা জিডি হিসেবে গ্রহণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন অভিযোগটি দায়ের করেন। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তের জন্য এসআই আশরাফ আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, জান্নাতুল ফেরদৌস পিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল-অভিনেত্রী তুষ্টি।

অভিযোগে বলা হয়েছে, কারামুক্তির পর আনিস আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন।

সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে জুলাই অভ্যুত্থানকে খাটো করে উপস্থাপন করেছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে বক্তব্য দিয়েছেন।

জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহত ব্যক্তিদের নিয়ে কটূক্তি করেছেন।

এছাড়া মোমিন মেহেদীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মারিয়া কিসপট্টা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থানকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টি এটিকে ‘প্রতারণার মাস’ বলে মন্তব্য করে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম জানান, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তদন্তকারী কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা করছেন। প্রয়োজন হলে এটি সাইবার ইউনিটেও পাঠানো হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন