ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে আজ নিউইয়র্কের পথে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সফর শেষে ১২ জুলাই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে অংশ নেবেন। এসব অধিবেশনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, পুলিশিংয়ে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।
সফরের সময় তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিসবিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো-এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।