বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আগস্টের প্রথম সপ্তাহেই খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্টের প্রথম সপ্তাহেই খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর নির্ভর করবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (৪ জুলাই) জাদুঘর পরিদর্শন শেষে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, নির্মাণ ও প্রস্তুতির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। কিছু কাজ এখনো বাকি থাকলেও আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই জাদুঘরটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনের জন্য সময় চাওয়া হবে। তিনি যেদিন সময় দেবেন, সেদিনই আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পরপরই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়।

গণভবনে প্রতিষ্ঠিত এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, ভিডিও, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, শহীদদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি গবেষক, শিক্ষার্থী ও ইতিহাস-অনুরাগীদের জন্য গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘরটি পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন। পরে ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

অন্যদিকে, জাদুঘরের ৯৬টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য চলতি বছরের জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নিয়োগ কার্যক্রম এখনো শেষ হয়নি। স্থায়ী নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত দায়িত্বে কাজ করানোর পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন