বিনিয়োগ বাড়ায় ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে দেশ: অর্থমন্ত্রী

যেভাবে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে, তাতে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় খাতগুলো আরও বিস্তৃত হচ্ছে। এই নগরী ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। বাজেটে চট্টগ্রামের এই সম্ভাবনাকে যথাযথভাবে প্রতিফলিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ ও রপ্তানি খাতে বড় অগ্রগতি আসবে।
এর আগে গত এপ্রিলে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, সরকারের লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ এবং ক্রিয়েটিভ ও স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।