জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে, তবে এর অর্থ এই নয় যে কাউকে বঞ্চিত করা হবে। একই সঙ্গে প্রতিশোধের রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক বিচার প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এটি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন। শহীদ ও আহতদের লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন এবং জনগণের ভাগ্যের উন্নয়ন।
তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী শাসনব্যবস্থায় যেভাবে বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই পথে আর না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য। ভবিষ্যতে কোনো অপশক্তি যেন রাষ্ট্র গঠনের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের প্রকৃত সম্মান তখনই জানানো হবে, যখন দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তখন শহীদ পরিবার গর্বের সঙ্গে তাদের আত্মত্যাগকে স্মরণ করতে পারবে।