বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জুলাই জাতীয় সম্মেলনে স্মৃতি স্মারক বিতরণ করলেন প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে স্মৃতি স্মারক বিতরণ করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহতদের সম্মান জানাতে স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত প্রতিনিধিদের হাতে এসব স্মারক তুলে দেন।

শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক জানান, এদিন কয়েকজন প্রতিনিধি প্রতীকীভাবে স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রতিটি পরিবার এবং আহতদের জন্য পৃথক স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ক্রমে সব শহীদ পরিবার ও আহত ব্যক্তির কাছে এসব স্মৃতি স্মারক পৌঁছে দেওয়া হবে।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন