বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে স্পিকারের শ্রদ্ধা

তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে স্পিকারের শ্রদ্ধা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

শনিবার (৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে তিনি খামেনির আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। অনুষ্ঠানে রাখা শোক বইতেও স্বাক্ষর করেন স্পিকার।

সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে শুক্রবার (৪ জুলাই) রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে তেহরানে পৌঁছালে স্পিকারকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

সফরকালে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন স্পিকার।

এছাড়া ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন