হাজরে আসওয়াদ চুম্বনে তাড়াহুড়ো না করার আহ্বান শায়খ সুদাইসের

পবিত্র কাবা শরীফে হাজরে আসওয়াদ চুম্বনের আগ্রহে নামাজ শেষ হওয়ার আগেই কাতার ছেড়ে চলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, ইমামের সালাম সম্পূর্ণ হওয়ার আগে নামাজ ত্যাগ করা শরিয়তের বিধানের পরিপন্থী এবং এতে নামাজের শুদ্ধতা নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে।
সম্প্রতি মসজিদুল হারামে এক ধর্মীয় আলোচনায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ বিষয়ে সতর্কবার্তা দেন।
শায়খ সুদাইস বলেন, অনেক সময় দেখা যায়, ইমাম প্রথম সালাম ফিরানো শুরু করতেই কিছু মুসল্লি হাজরে আসওয়াদ বা মুলতাজামের দিকে যাওয়ার জন্য কাতার ছেড়ে দ্রুত বেরিয়ে পড়েন। এমন আচরণ সঠিক নয়। নামাজের শেষ পর্যন্ত ইমামকে অনুসরণ করা মুসল্লির দায়িত্ব। তাই ইমাম পুরোপুরি সালাম শেষ করার আগ পর্যন্ত নিজ অবস্থানে থাকা উচিত।
তিনি ব্যাখ্যা করেন, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমামকে অনুসরণ করা ইসলামী বিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইমামের আগে নামাজ শেষ করা বা কাতার ত্যাগ করা শরিয়তের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মুসল্লিদের ধৈর্য ধরে নামাজ সম্পূর্ণ করার পরই অন্য ইবাদতের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে শায়খ সুদাইস মসজিদের ইমামদের প্রতিও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, সালাম ফিরানোর সময় অপ্রয়োজনীয় দীর্ঘ বিরতি এড়িয়ে চলা উচিত। কারণ দীর্ঘ বিরতির কারণে অনেক মুসল্লি ভুল করে মনে করেন নামাজ শেষ হয়ে গেছে এবং অনিচ্ছাকৃতভাবে আগে নড়াচড়া শুরু করেন।
তিনি জোর দিয়ে বলেন, পবিত্র মসজিদে ইবাদত পালনের সময় শৃঙ্খলা, ধৈর্য ও শরিয়তের বিধান মেনে চলাই সর্বোত্তম আমল। হাজরে আসওয়াদ চুম্বনের আগ্রহ কখনোই নামাজের পূর্ণতা ও শুদ্ধতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না।
উল্লেখ্য: ফিকহের বিভিন্ন মাযহাবে জামাতে নামাজের শেষ মুহূর্তের কিছু বিধান নিয়ে মতপার্থক্য রয়েছে। তাই এ ধরনের মাসআলায় নিজ নিজ অনুসৃত আলেম বা নির্ভরযোগ্য ধর্মীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত।