মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Natun Kagoj

দেশে ৫৩৮ ফায়ার স্টেশন, আরও ২০টি নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ৫৩৮ ফায়ার স্টেশন, আরও ২০টি নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে নতুন ফায়ার স্টেশন নির্মাণ, অ্যাম্বুলেন্স সংগ্রহ, জনবল বৃদ্ধি, ডুবুরি ইউনিট সম্প্রসারণ এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের গুরুত্ব দিন দিন বাড়ছে, তাই বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে। তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। এ কারণে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডুবুরি ইউনিট সম্প্রসারণে নতুন পদ সৃষ্টি এবং বাহিনীর অর্গানোগ্রাম পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সেবার স্বচ্ছতা ও সহজীকরণে ই-ফায়ার লাইসেন্স চালু করা হয়েছে।

অনুষ্ঠানে তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের সাফল্যের তথ্য তুলে ধরেন। পাশাপাশি দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পাসিং আউট প্যারেডে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩৪ জন অংশগ্রহণ করেন এবং ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক প্রদান করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন