বাংলাদেশিদের জন্য ভারতের নাগরিকত্বে নতুন শর্ত আরোপ

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন বিধি অনুযায়ী, ভারতের নাগরিকত্ব আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে এবং নির্দিষ্ট শর্ত মানতে হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এই নতুন নির্দেশনা যুক্ত করেছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতের নাগরিকত্ব আবেদনকারী ব্যক্তির কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা চলবে না। তবে আবেদনকারীর কাছে পাসপোর্ট থাকলে সেটির নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদসহ বিস্তারিত তথ্য জানাতে হবে।
এছাড়া লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি তার পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।
সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, নতুন এই অনুচ্ছেদটি ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত করা হবে। এই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রণয়ন করে, যার মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়। নতুন এই বিধি সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় আরও কিছু শর্ত যুক্ত করা হলো।