সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

সিলেটে ব্যাটিং দৃঢ়তা, ২৪৯ রানের লিডে বাংলাদেশ

সিলেটে ব্যাটিং দৃঢ়তা, ২৪৯ রানের লিডে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে তৃতীয় দিনেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২০৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। লিটন দাস ৪৮ রানে অপরাজিত আছেন, ফিফটি থেকে মাত্র ২ রান দূরে। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩৯ রানে।

দিনের শুরুতে ১৫৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ইনিংস এগিয়ে নিতে নামেন। তবে দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ বলে ১৫ রান করে এলবিডব্লিউ হন শান্ত, খুররম শাহজাদের বলে আউট হওয়ার পর রিভিউ নিয়েও রক্ষা হয়নি অধিনায়কের।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ে ইনিংস স্থিতিশীল করেন তিনি। ধীরে ধীরে রান তুলে ৪১তম ওভারে সিঙ্গেল নিয়ে দলকে ২০০ রানের লিডের মাইলফলক পার করান লিটন। প্রথম সেশন শেষে এই জুটিতে আসে ৮৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ।

এর আগে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান। ইনিংসের শুরুতেই আউট হন ওপেনার তানজিদ তামিম, যিনি ৭ বলে ৪ রান করেন। এরপর চাপ সামাল দেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয় ৬১ বলে ফিফটি তুলে নেন এবং ৬৪ বলে ৫২ রান করে আউট হন। মুমিনুলও ধীরস্থিরভাবে ইনিংস গড়ছিলেন, তবে ৬০ বলে ৩০ রান করে ফেরেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান করে, জবাবে পাকিস্তান করে ২৩২ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ, যা এখন বড় লিডে পরিণত হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন