সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার বিষয় উঠে আসে।
সাক্ষাতে সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে মতৈক্যে পৌঁছায়।
এ সময় সিঙ্গাপুর সফরের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান হাইকমিশনার। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।