সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

২৬ মে পবিত্র হজের আনুষ্ঠানিক সূচনা

২৬ মে পবিত্র হজের আনুষ্ঠানিক সূচনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে।

চাঁদ দেখার ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’। আর পরদিন বুধবার (২৭ মে) সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। এরপরই হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখকে ‘ইয়াওমে আরাফা’ বলা হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম প্রধান রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে মুসল্লিরা সেখানে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।

এরপর জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বজুড়ে মুসলমানরা উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।

এদিকে হজকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো হাজির সমাগম ঘটেছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও হজ ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন