রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।
বৈঠকে অংশ নেওয়া দেশগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর এই সমর্থন ও সহযোগিতার জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর কার্যকর সমর্থন প্রয়োজন।
সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।