মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ হাইকোর্টের

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ হাইকোর্টের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক একটি কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগার সংযুক্ত থাকার কথাও আইনে উল্লেখ আছে। একইসঙ্গে ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান রাখা হয়েছে।

তবে দীর্ঘদিন ধরে এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট দায়ের করেন। পরে গত ১০ মার্চ আদালত রুল জারি করে জানতে চান, আইন অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না।

এরই ধারাবাহিকতায় বিচারাধীন রুলের ওপর সম্পূরক আবেদন শুনানি শেষে আদালত ঈদুল আজহা উপলক্ষে এই অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।

আইনজীবী মো. আজমল হোসেন খোকন বলেন, “আইনে নারীদের জন্য পৃথক কামরার বিধান থাকলেও তা কার্যকর হয়নি। ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে আদালতের কাছে আবেদন করা হলে হাইকোর্ট এ নির্দেশ দেন।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন