মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ফরিদগঞ্জে ১১ মামলার আসামি নারী মাদক কারবারি খুকি আটক

ফরিদগঞ্জে ১১ মামলার আসামি নারী মাদক কারবারি খুকি আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ রোকেয়া আক্তার ওরফে খুকি (৩৭) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১১ মে) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রোকেয়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আবদুল করিমের স্ত্রী।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সোমবার রাতে বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আরিফুর রহমান সরকার, এসআই মোঃ হুমায়ুন কবির এবং এএসআই জুমায়েত হোসেন জুয়েল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চরমান্দারী গ্রামে অভিযান চালিয়ে রোকেয়াকে হাতেনাতে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, রোকেয়া আক্তার ওরফে খুকি এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে সুসংগঠিতভাবে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রায়পুর থানায় ইতোমধ্যেই ১১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “আটক নারী একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

​মাদকের বিস্তার রোধে থানা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি নিশ্চিত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন