রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬।
রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের মাধ্যমে চারদিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং প্যারেড কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বিভিন্ন পুলিশ কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের বিভিন্ন দিক বিশেষ উপস্থাপনায় তুলে ধরা হয়।
এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। আজ শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে।