রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য বড় বড় প্রকল্পের মাধ্যমে চমক সৃষ্টি করা নয়; বরং মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার কারণে সরকার মেগা প্রকল্প গ্রহণে এখন অনেক বেশি সতর্ক।

শনিবার (২৭ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আগের সরকারের সময় নেওয়া অনেক বড় প্রকল্প এখন অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন করে মেগা প্রকল্পের পরিবর্তে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উৎপাদন এবং প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, চলমান প্রকল্পগুলো হঠাৎ বন্ধ না করে যৌক্তিকভাবে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। যেসব প্রকল্পের অগ্রগতি কম, সেগুলোকে প্রয়োজন অনুযায়ী একীভূত বা পুনর্গঠন করে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজস্ব আদায়ের বিষয়ে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গত কয়েক মাসে রাজস্ব সংগ্রহে গতি এসেছে এবং নতুন কিছু উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে অতিরিক্ত প্রায় ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে।

ঋণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকার বহন করছে। তবে রাজস্ব আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদারের মাধ্যমে ধীরে ধীরে ঋণনির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন