মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসা ইস্যুতে ডা. সামন্ত লালকে না আনার অভিযোগ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার অগ্রদূত অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তবে সেই প্রস্তাবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাড়া দেয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, প্রস্তাবটি তিনি নিজে সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং তা গ্রহণ করা হলে কিছু প্রাণ বাঁচানো সম্ভব হতে পারত বলে তার ধারণা।
হুম্মাম কাদের চৌধুরীর দাবি অনুযায়ী, ডা. সামন্ত লাল সেন দুর্ঘটনার পর সহায়তার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং যেকোনোভাবে আহতদের চিকিৎসায় সহায়তা করতে চেয়েছিলেন। তবে সরকার সে প্রস্তাবে সাড়া দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও মন্তব্য করেন, এই সিদ্ধান্তে কর্তৃপক্ষের একগুঁয়েমি ছিল এবং এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তার অভিমত।
প্রসঙ্গত, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে বিভিন্ন পর্যায়ে সহায়তা গ্রহণ ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়।
ডা. সামন্ত লাল সেন বাংলাদেশে বার্ন চিকিৎসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশে আধুনিক বার্ন ইউনিট প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।