মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

গণপূর্ত প্রকৌশলী তারিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গণপূর্ত প্রকৌশলী তারিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অর্থ তছরুপের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের মেডিকেল কলেজ বিভাগ-ঢাকার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪–২০২৫ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকা এবং এপিপি ও থোক বরাদ্দ মিলিয়ে প্রায় ১৫ কোটি টাকারও বেশি মেরামত ও সংস্কার কাজের বরাদ্দ দেওয়া হয়। তবে এসব কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই ঠিকাদারের সঙ্গে যোগসাজশে বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে একজন রোগী আহত হন। বিপুল বরাদ্দ থাকা সত্ত্বেও এ ধরনের দুর্ঘটনা কীভাবে ঘটল—তা নিয়ে হাসপাতাল ও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

সূত্র ও অভিযোগকারীদের দাবি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করেই বিল পরিশোধ করা হয়েছে , ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে কাজ শেষ না করেই “সম্পন্ন” দেখিয়ে বিল ছাড় করা হয়েছে , পরে কাজ সম্পন্ন দেখাতে প্রত্যয়নপত্র নেওয়ার অভিযোগ রয়েছে, টেন্ডার ও বিল প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ।

সংশ্লিষ্টদের মতে, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কাজ সম্পন্ন না করে বিল পরিশোধ করা হয়ে থাকলে তা গুরুতর প্রশাসনিক ও আর্থিক অনিয়ম হিসেবে গণ্য হতে পারে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 
তার বিরুদ্ধে আরো অভিযোগ নিয়ে আমাদের অনুসন্ধান চলছে, আরো বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে আসছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন