অফিসে ঢুকে গুলিবর্ষণ ও কোটি টাকা চাঁদা দাবি: গ্রেফতার ৪

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সোমবার (২০ এপ্রিল) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২)।
র্যাব জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী গার্মেন্টস মালিক তার অফিসে কাজ করছিলেন। এসময় ১২-১৩ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল কার্যালয়ে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
হামলাকারীরা অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। যাওয়ার সময় নিজেদের পরিচয় গোপন রাখতে অফিসের সিসিটিভির ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কাফরুল থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে র্যাব-৪। র্যাবের মিডিয়া অফিসার কে এন রায় নিয়তি জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে মিরপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের মূল পরিকল্পনাকারী রানাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, গার্মেন্টসটির নির্জন অবস্থান ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে রানা এই হামলার পরিকল্পনা করে। আগে থেকে এলাকা রেকি করার পর সহযোগীদের নিয়ে তারা এই তাণ্ডব চালায়। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর ও কাফরুল এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।