সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে আলম (২৭) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটের দিকে চাঁদ উদ্যান এলাকার বেকারি গলিতে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।

এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবককে ধাওয়া করে একটি গলির ভেতর নিয়ে যাচ্ছে একদল সশস্ত্র তরুণ। সেখানে বেশ কয়েকজন মিলে তাকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত আলমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পুলিশের একটি সূত্র জানায়, এই হামলার পেছনে রায়েরবাজারের কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’ ও ‘ফালান গ্রুপ’-এর অভ্যন্তরীণ বিরোধ কাজ করেছে। জানা গেছে, পাটালী গ্রুপের প্রধান ফালান গ্রুপের সদস্য ‘নাক্কা রাসেল’-এর সাথে জয়ের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরেই ফালান গ্রুপের সদস্য আলমকে একা পেয়ে প্রতিপক্ষ গ্রুপের জয়, আলামিন ও রাজিবসহ বেশ কয়েকজন মিলে এই হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, তিনি অভিযানে ব্যস্ত থাকার কারণে বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নন। তবে পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করবে।

মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও পার্শ্ববর্তী এলাকায় কিশোর গ্যাংয়ের এমন উপদ্রব এবং প্রকাশ্যে কোপানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন