কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য ঈদে নতুন হল উদ্বোধন

আসন্ন ঈদুল ফিতরে কুমিল্লায় চালু হতে যাচ্ছে ‘কে-স্ক্রিন’ নামে নতুন একটি সিনেপ্লেক্স। এই হল নির্মাণ করা হয়েছে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে।
এটি কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় গোমতি শপিং সেন্টারের আট তলায় অবস্থিত। কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন থাকছে।
খোরশেদ আলম খসরু বলেন, কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ৮:১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন ব্যবহার করা হয়েছে। আরও আছে ফুড কোর্ট। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।
তিনি বলেন, ‘সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বসবাস। আমি দুই দশকের বেশি সময় ধরে সিনেমা প্রযোজনা ও পরিচালনা করছি। পাশাপাশি বেশ কিছু সিনেমা হল পরিচালনার সঙ্গেও সম্পৃক্ত ছিলাম। সে জায়গা থেকে জানি দর্শক এখন আর আগের ভাঙাচোরা হলে সিনেমা দেখতে চায় না। সেই ভাবনা থেকেই সিনেপ্লেক্সটি নির্মাণ করেছি।’
তিনি আরও বলেন, ‘টিকিট মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সগুলোর সঙ্গে সামঞ্জস্য করেই রাখবো। প্রদর্শনের ক্ষেত্রে দেশীয় সিনেমাকে প্রাধান্য দেব।’
নব্বই দশকে শুধু কুমিল্লা শহরেই ৬-৭টি সিনেমা হল ছিল। সে জায়গায় পুরো জেলাতেই এখন সিনেমা হল খুঁজে পাওয়া কষ্টকর। জেলাটিতে স্টার সিনেপ্লেক্স কয়েক বছর আগে তাদের একটি শাখা করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা হয়নি। তাই এই জেলার সিনেমাপ্রেমীদের বিনোদনের অন্যতম প্রাঙ্গণ হয়ে উঠবে কে-স্ক্রিন সিনেপ্লেক্স, প্রত্যাশা করা যায়।
দৈএনকে/জে, আ