শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থী হেনস্তার ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থী হেনস্তার ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও দায়িত্বপালনরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত আচরণের সঙ্গে জড়িত চার সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় আরও দুই থেকে তিনজনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও দায়িত্বপালনরত সাংবাদিকদের সঙ্গে হেনস্তামূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে ধারণ করা একাধিক ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা সংশ্লিষ্টদের শাস্তি এবং অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তার অপসারণের দাবি জানান।

পুলিশ প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন