শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj
শিরোনাম
বেতনে আয় ৩৪ লাখ, সম্পদ কয়েক কোটি!

রাজউকের পলাশ শিকদারের ‘আলাদিনের চেরাগ’

রাজউকের পলাশ শিকদারের ‘আলাদিনের চেরাগ’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী অথরাইজড অফিসার পলাশ শিকদারের বিরুদ্ধে আকাশচুম্বী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ২০১৫ সালে চাকরিতে যোগ দিয়ে ২০২৩ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ মাত্র ৩৪ লাখ ৩১ হাজার টাকা আয় করলেও, বাস্তবে তিনি গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার সম্পদ। ঘুষ, নকশা জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত এই বিপুল সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আয়ের চেয়ে সম্পদ বহুগুণ

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, পলাশ শিকদার বর্তমানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের হ্যারিয়ার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৭-৭৯০২) ব্যবহার করেন, যা কৌশলে অন্য এক নারীর নামে কেনা। এছাড়া পিরোজপুরের নেছারাবাদে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। অথচ তার পরিবার একসময় ভূমিহীন হিসেবে সরকারি জমি বন্দোবস্ত নিয়েছিল।

দুর্নীতির নেটওয়ার্ক ও পারিবারিক সম্পদ

অভিযোগ অনুযায়ী, পলাশ শিকদার নিজের পদের অপব্যবহার করে শুধু নিজের নামে নয়, পরিবারের সদস্যদের নামেও সম্পদের পাহাড় গড়েছেন:

·         বাবার নামে জমি: নেছারাবাদে ৩৫ লাখ টাকা ব্যয়ে ১ একর ২৫ শতাংশ জমি ক্রয়।

·         বোনের বাড়ি: মেজো বোন সেলিনা আক্তারের জন্য ৫০ লাখ টাকা ব্যয়ে দোতলা বাড়ি নির্মাণ।

·         শ্যালকের প্লট: বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লকে ৫ কাঠার প্লটে ভবন নির্মাণ।

·         নির্বাচনী খরচ: বাবার ইউপি চেয়ারম্যান নির্বাচনের পেছনে ব্যয় করেছেন প্রায় ১ কোটি টাকা।

নকশা জালিয়াতি ও ওএসডি

রাজউকের উত্তরা জোনের বিসি কমিটির সদস্য সচিব থাকাকালীন নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্র দেওয়ার নামে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি জালিয়াতির মাধ্যমে ১০ তলা ভবনের নকশা অনুমোদনের ঘটনায় তার বিরুদ্ধে আলাদা অনুসন্ধান চালাচ্ছে দুদক। এসব অভিযোগের প্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তাকে ওএসডি (Special Duty) করে তদন্ত শুরু করেছে।

'দালাল' থেকে কোটিপতি

অভিযোগ আছে, পলাশ শিকদার রাজউকে নকশা অনুমোদনের দালালি চক্রের সাথে সরাসরি জড়িত ছিলেন। রাজউক চেয়ারম্যান ও মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ার পর থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে।

দায়মুক্তির গুঞ্জন

২০২৩ সালের জুনে দুদক তাকে জিজ্ঞাসাবাদ করলেও পরবর্তী সময়ে কোনো অদৃশ্য কারণে তদন্ত থমকে যায়। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি দুদক থেকে ‘ক্লিন চিট’ বা দায়মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে নতুন করে আবারও তার দুর্নীতির ফাইল তলব করা হয়েছে।

‘পলাশ বাহিনী’ ও জনপদে ত্রাস

অনুসন্ধানে জানা যায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে পলাশ শিকদার তার অবৈধ উপার্জনের টাকায় একটি সশস্ত্র ক্যাডার বাহিনী গড়ে তোলেন, যা এলাকায় ‘পলাশ বাহিনী’ নামে পরিচিত। মাদকাসক্ত ও বেকার যুবকদের অর্থের প্রলোভন দেখিয়ে তিনি এই বাহিনী পরিচালনা করতেন।

  • ভোট কেন্দ্র দখল: ২০২০-২১ সালের নির্বাচনে অবৈধ টাকা ও নিজ বাহিনীর জোরে তার পিতা আব্দুর রব শিকদারকে ইউপি চেয়ারম্যান বানান। পরবর্তীতে পিতার মৃত্যু হলে স্ত্রীকে ‘হাইব্রিড ছাত্রলীগ’ বানিয়ে উপ-নির্বাচনে নামান, যদিও জনগণের প্রতিরোধের মুখে সেখানে তার পরাজয় ঘটে।

  • যৌথ অভিযান: সম্প্রতি পিরোজপুর ডিবি পুলিশ ও স্থানীয় থানা পুলিশ পলাশের গ্রামের বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার ও বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করেছে।

রাজউকে পুনর্বাসন ও ওএসডি রহস্য

দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে গত বছরের ১৩ জুন পলাশ শিকদারকে জোন ২/১ থেকে সরিয়ে রাজউকের প্রশাসন শাখায় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে অতি সম্প্রতি তাকে আবারও তার পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই পুনর্বহালের পেছনেও বড় অংকের অর্থের লেনদেন হয়েছে।

আওয়ামী লীগ থেকে ‘নব্য বিএনপি’ সাজার চেষ্টা

পলাশ শিকদারের পরিবার একসময় বিএনপি ঘরানার হলেও ২০১০ সালের পর তারা কট্টর আওয়ামী লীগার বনে যান। গত সরকারের আমলে মোটা অংকের বিনিময়ে পরিবারের সদস্যদের আওয়ামী লীগের পদ-পদবী কিনে দিয়ে ‘হাইব্রিড আওয়ামী পরিবার’ হিসেবে পরিচিতি পান। বর্তমানে এলাকা ও কর্মস্থলে প্রভাব টিকিয়ে রাখতে পলাশ শিকদার নেছারাবাদ উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার সাথে ‘দর কষাকষি’ করছেন বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। গুয়ারেখা ইউনিয়ন বিএনপির একাধিক নেতা জানান, “অবৈধ অর্থ দিয়ে নীতিহীন নেতাদের ম্যানেজ করে পলাশ এখন বিএনপি হওয়ার মিশনে নেমেছে।”

আগামী পর্বে আরো বিস্তারিত...

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন