শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভোটকে হানাহানিতে জড়াবো না, জনগণের রায় মাথায় নেবো; জাহাঙ্গীর হোসেন

ভোটকে হানাহানিতে জড়াবো না, জনগণের রায় মাথায় নেবো; জাহাঙ্গীর হোসেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভোটের লড়াইয়ে জয়–পরাজয় থাকতেই পারে, তবে তা কোনোভাবেই হানাহানির পর্যায়ে পৌঁছানো উচিত নয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উত্তরার আবদুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জনগণের স্বচ্ছ ও স্বাধীন রায় আমি মাথায় নেবো। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

৩০ বছর ধরে এলাকায় কাজ করে আসার কথা উল্লেখ করে জাহাঙ্গীর হোসেন বলেন, এই আসনটিকে তিনি একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, “অনেক দিন জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই বঞ্চনা থেকে মানুষ মুক্তি পাবে এবং মানবিক সরকারের প্রতিষ্ঠা হবে — যা জনগণের জন্য কাজ করবে।”

বর্তমান পরিবেশের বিষয়ে তিনি মন্তব্য করেন, “এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ স্বচ্ছ ও শৃঙ্খিপ্ত রয়েছে। যদি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে এবং সবাই দায়িত্বশীলভাবে কাজ করে, তাহলে সন্ধ্যায় ফলাফলে একটি সুন্দর নির্বাচন ফুটে উঠবে।”

নির্বাচনী মাঠে বিশৃঙ্খলা বা হানাহানির কোনো সুযোগ দেওয়া চলবে না বলে জোর দিয়ে তিনি জানান, “ভোটের জন্য কেউ যেন হানাহানি বা অশান্তির পথে না যায়। মানুষ যাকে যোগ্য মনে করবে এবং যার ওপর আস্থা রাখবে, তাকেই ভোট দেবে — এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই।”

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন দলের সাথে কথা বলেন এবং বিজয়ী হলে কাউকে বাদ দিয়ে নয় বরং সকলের অংশগ্রহণে কাজ করতে চান।

সকাল সাড়ে সাতটায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ একযোগে শুরু হয়েছে। এবারের নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাংবাদিকদেরও ব্যাপক নজর রাখা হয়েছে। জানা গেছে, বিভিন্ন সংস্থা থেকে কয়েক শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সংবাদকর্মী বাংলাদেশে অবস্থান করছেন এবং ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন