শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • কেন প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ সিং? নিজেই জানালেন এই কারণ

    কেন প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ সিং? নিজেই জানালেন এই কারণ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিৎ সিং সম্প্রতি সংগীতপ্রেমীদের চমকে দিয়ে প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে এবার এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ নিজেই প্রকাশ করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

    অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি সংগীতকে পুরোপুরি ছাড়ছেন না, বরং নিজেকে নতুনভাবে খুঁজতে এবং নিজস্ব সৃজনশীলতার বিকাশের জন্য এই বিরতি নেওয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর ভক্তদের নানা প্রশ্নের মুখে পড়েন তিনি।

    এরপর অরিজিৎ নিজের ব্যক্তিগত সাবেক টুইটার অ্যাকাউন্টে স্পষ্ট করেছেন, “প্লেব্যাক গান থেকে সরে গেলেও সংগীতচর্চা চালিয়ে যাব”। অর্থাৎ তিনি ব্যক্তিগত বা অনলাইন প্রকল্প, কনসার্ট বা নতুন সৃজনশীল কাজের মাধ্যমে গান ও সংগীতের সঙ্গে যুক্ত থাকবেন।

    বিশ্লেষকরা মনে করছেন, অরিজিৎ সিংয়ের এই বিরতি তার সৃজনশীলতায় নতুন মাত্রা যোগ করবে এবং ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। ভক্তরাও এই খবরের পর তাকে সমর্থন জানাচ্ছেন এবং আগামীর নতুন প্রকল্পের জন্য উত্তেজনায় রয়েছেন।

    প্রথম পোস্টে অরিজিৎ লেখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নিচ্ছি না। এখানেই থামছি। যাত্রাটা ছিল দারুণ।

    এরপর আরেকটি পোস্টে তিনি যোগ করেন, ঈশ্বর আমার প্রতি খুবই দয়ালু ছিলেন। আমি সবসময় ভালো সংগীতের ভক্ত। সামনে আরও শেখার ইচ্ছে আছে, নিজের মতো করে ছোট একজন শিল্পী হিসেবে কাজ করতে চাই।

    ভক্তরা যখন অবসরের কারণ জানতে চান, তখন অরিজিৎ খোলাখুলি বলেন, এর পেছনে একটিমাত্র কারণ নেই। অনেকদিন ধরেই আমি এটা করতে চাইছিলাম। অবশেষে সাহসটা জোগাড় করতে পেরেছি। এরপর অকপটে স্বীকার করেন, একঘেয়েমি তার সিদ্ধান্তের বড় কারণ। তিনি বলেন, আমি খুব দ্রুত বোর হয়ে যাই। তাই একই গান মঞ্চে ভিন্নভাবে গাই, নতুন অ্যারেঞ্জমেন্ট করি। সত্যি বলতে কী আমি বোর হয়ে গেছি। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সংগীত করতে হবে।

    অরিজিতের সিদ্ধান্তের আরেকটি দিকও রয়েছে। তিনি বলেন, আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। কোনও নতুন গায়ক আমাকে অনুপ্রাণিত করুক এই উত্তেজনাটাই এখন বেশি টানে।  তার মতে, সংগীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে, আর সেটার জন্য জায়গা করে দেয়া দরকার।অরিজিৎ আশ্বস্ত করেছেন, সংগীত থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না। বরং ফিরতে চান নিজের শিকড়ে।

    তিনি বলেন, আমি আবার ভারতীয় ধ্রুপদি সংগীতে ফিরতে চাই। নতুন করে শুরু করতে চাই। নিজের সংগীত নিজেই তৈরি করব। প্রস্তুত হলেই শ্রোতাদের সামনে নিয়ে আসব। তিনি আরও জানান, কিছু অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো শেষ হওয়ার পর ২০২৬ সালে কয়েকটি নতুন গান প্রকাশ পেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন