বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গ্রোকের মাধ্যমে অশালীন ছবি তৈরি নিষিদ্ধ করল এক্স

গ্রোকের মাধ্যমে অশালীন ছবি তৈরি নিষিদ্ধ করল এক্স
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক ব্যবহার করে বাস্তব মানুষের ছবি অশালীন বা উন্মুক্ত পোশাকে দেখানোর সুবিধা বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব দেশে এ ধরনের কনটেন্ট অবৈধ সেখানে এই ফিচার পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

এক্সের বিবৃতিতে বলা হয়েছে, বাস্তব মানুষের ছবি বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ উন্মুক্ত পোশাকে রূপান্তর করা প্রযুক্তিগতভাবে বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সব ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ অর্থ পরিশোধকারী গ্রাহকরাও এই সুবিধা আর পাবেন না।

সংস্থা জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য হলো আইন লঙ্ঘন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গ রোধ করা। সম্প্রতি গ্রোকের মাধ্যমে তৈরি যৌন আবেদনময় ‘ডিপফেক’ ছবি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাস্তব মানুষের ছবি ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি করা হচ্ছে। বিশেষভাবে শিশুদের ছবিও এই ধরনের কনটেন্টে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শীর্ষ কৌঁসুলিও গ্রোক ব্যবহার করে যৌন ডিপফেক ছবি ছড়িয়ে পড়ার ঘটনা তদন্তের অধীনে আনা হচ্ছে। একই সঙ্গে শিশুদের ছবি ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এক্স জানিয়েছে, যেসব দেশে আইন অনুযায়ী এমন ছবি তৈরি অবৈধ, সেখানে অঞ্চলভিত্তিকভাবে এই ফিচার বন্ধ থাকবে, যা ‘জিওব্লকিং’ নামে পরিচিত। তবে কল্পিত প্রাপ্তবয়স্ক চরিত্রের ক্ষেত্রে কিছু সীমিত দৃশ্য দেখানোর অনুমতি থাকতে পারে।

মালিক ইলন মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আর-রেটেড সিনেমায় যা দেখা যায়, সেটি এক ধরনের মানদণ্ড। তবে দেশভেদে আইন ভিন্ন হতে পারে। তিনি আগেও বলেছিলেন, সমালোচকরা মূলত বাকস্বাধীনতা দমন করতে চাইছেন।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে গ্রোকের এই নতুন নিয়ন্ত্রণ জরুরি। তবে প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি শক্তিশালী আইন ও কার্যকর নজরদারিও প্রয়োজন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন