মুসলিম জীবনধারার গাইডলাইন নিয়ে রায়হান রাশেদ লিখলেন ‘মুসলিম লাইফস্টাইল’

বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা ক্রমেই জটিল হয়ে উঠছে। সম্পর্কের উত্তেজনা, মানসিক চাপ, দৈনন্দিন আচরণে অস্থিরতা—সব মিলিয়ে সমাজে তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিবেশ। অথচ প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে রাসুলুল্লাহ (সা.) এসব সমস্যার সমাধানের দিকনির্দেশনা প্রদান করেছেন।
এই প্রেক্ষাপটে প্রকাশিত হয়েছে আলেম ও সাংবাদিক রায়হান রাশেদের নতুন বই ‘মুসলিম লাইফস্টাইল’, যা মানুষের নৈতিক, সামাজিক ও মানসিক জীবনকে সুন্দরভাবে পরিচালনার উপায় তুলে ধরে। বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশনস।
বইটিতে ইসলামের নির্দেশনা অনুযায়ী আধুনিক জীবনের জটিলতা কাটিয়ে ওঠার কৌশল, সম্পর্কের সমাধান এবং ব্যক্তিগত জীবনকে সুষম ও নীতিগতভাবে পরিচালনার ধাপগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে।
বইটিতে নবীজির (সা.) জীবন থেকে শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরা হয়েছে। মা-বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বা সহকর্মীর সঙ্গে একজন মুসলমান কীভাবে আচরণ করবেন, তার বাস্তব উদাহরণ পাওয়া যাবে বইটিতে। বিশুদ্ধ হাদিস ও বাস্তব ঘটনাকে গল্পধর্মী আঙ্গিকে উপস্থাপন করেছেন লেখক। প্রতিটি অধ্যায়ের শেষে ছক আকারে উল্লেখ করা হয়েছে, রাসুলুল্লাহর (সা.) জীবন থেকে পাঠক কী শিখতে পারেন এবং জীবনে তা কীভাবে প্রয়োগ করা যায়।
১৮টি অধ্যায়ে সাজানো এই গ্রন্থকে লেখক জীবনগাইড হিসেবে দাঁড় করাতে চেয়েছেন। তার ভাষায়, বইটির পৃষ্ঠাজুড়ে দুনিয়া ও আখেরাতের মধ্যে সামঞ্জস্য রেখে চলার সহজ পথনির্দেশনা রয়েছে।
তিনি বলেন, মানুষের আচার-ব্যবহারের ক্ষেত্রে সময় যেসব সমস্যা ও সংকট আমাদের সামনে হাজির করছে, সেগুলো অতিক্রম করে যাওয়ার উপযোগী সংকলন ‘মুসলিম লাইফস্টাইল’। মানুষের সঙ্গে নবীজি (সা.)-এর আচার-ব্যবহার ও এ সংক্রান্ত দিকনির্দেশনার বিশুদ্ধ হাদিস এবং ঘটনা সামনে রেখে গল্পাকারে জীবনঘনিষ্ঠ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে এ বইয়ে। একজন মুসলমান দুনিয়াদারি পূরণ করেও কীভাবে আখেরাতের সামানা পুরোপুরি গুছিয়ে নিয়ে জান্নাত হাসিল করতে পারেন, সে বিষয়েরও গাইডলাইন।
রায়হান রাশেদ আরও বলেন, বইটি আমাদের জীবনাচারকে সুন্দর, সুষম করার একটি গাইডবুক হিসেবে বিবেচিত হতে পারে, একই সঙ্গে বিপথগামী হওয়া থেকে হেফাজতের উপায়ও।
গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৫-এর ৭৭-৭৮ নম্বর স্টল থেকে। এ ছাড়া ঘরে বসে অনলাইন বুকশপ রকমারিসহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও অর্ডার করতে পারবেন।