শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের উদ্যোগে প্রেস ক্লাবের অডিটরিয়ামে সোমবার (১০ সেপ্টেম্ববর) এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করতেই এ আয়োজন। সাংবাদিকদের উদ্দেশে তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের প্রচার-প্রচারণার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সংগঠনের প্রস্তাবিত করণীয় পদক্ষেপসমূহঃ

দীর্ঘদিন ধরে কোনো নীতিমালা না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। জরুরি পদক্ষেপের মাধ্যমে এ প্রবৃদ্ধি বন্ধ করতে হবে, জরিপ কর্মসূচির মাধ্যমে প্রকৃত অটোরিকশা পেশাজীবীর সংখ্যা নির্ধারণ করা জরুরি, অধিক মুনাফার আশায় যত্রতত্র নতুন গ্যারেজ গড়ে উঠছে। নতুন করে কেউ এ পেশায় প্রবেশ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে, প্রয়োজন অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনকেও লাইসেন্স প্রদান শুরু করতে হবে, যানজট ও দুর্ঘটনার জন্য শুধু অটোরিকশাকে দায়ী না করে, অন্যান্য যানবাহনের অনিয়মিত চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিদিন ঢাকায় বিপুলসংখ্যক অবৈধ অটোরিকশা, মিশুক, ইজিবাইক, নসিমন, করিমন প্রবেশ করে যানজট সৃষ্টি করছে। এর প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে, রাজনৈতিক নেতাদের সহায়তায় গড়ে ওঠা অবৈধ চার্জিং গ্যারেজ বন্ধ করতে হবে, রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে দোকানপাট বসানোয় যানজট সৃষ্টি হচ্ছে—এ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে হবে, বিভিন্ন আকারের অটোরিকশা চলাচল করায় যানজট বাড়ছে। কেবল প্যাডেল রিকশার সমান আকৃতির ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া উচিত, প্রকৃত অটোরিকশা চালক ও মালিকদের ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে সংখ্যা নির্ধারণ করতে হবে, ব্যাটারি চালিত অটোরিকশাকে বৈধতার আওতায় আনতে হবে, সিটি কর্পোরেশনে নিবন্ধিত ও নিয়মিত রাজস্ব প্রদানকারী মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে লাইসেন্স দিতে হবে, এ খাতকে সমাজসেবামূলক পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে বিদ্যুৎ সংযোগকে শিল্প সংযোগ হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়, সংগঠনের মাধ্যমে দক্ষ চালক চিহ্নিত করে লাইসেন্স প্রদান করলে দুর্ঘটনা অনেকাংশে কমবে, নিষিদ্ধ সড়কে অটোরিকশা চলাচল প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে,  অপ্রাপ্তবয়স্ক, নেশাগ্রস্ত ও অক্ষম ব্যক্তিকে রিকশা চালানো থেকে বিরত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মজুমদার। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিক। এ সময় প্রধান উপদেষ্টা হাজী মোঃ মজিবর রহমান মজিব, হাজী মোঃ জান্নাল আবেদীন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য ও মালিক সদস্যরা উপস্থিত ছিলেন।
 


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন