বিএনপি নেতা রিজভীর মন্তব্য: লাশ দাহ ইসলামের শিক্ষা নয়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা লাশ দাহ বা মাজার ভাঙার মধ্যে নয়।”
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ধর্মীয় মূল্যবোধ এবং শান্তিপূর্ণ আচরণের উপর গুরুত্বারোপ করেন।
রিজভী বলেন, “আমরা আজ গণতন্ত্র ও রাষ্ট্রীয় চেতনার কথা বলি, অথচ পৃথিবীর ইতিহাসে আরবের সেই মহামানব আমাদের জন্য আদর্শ হয়ে আছেন। কিন্তু আমরা তার শিক্ষা থেকে দূরে সরে গিয়ে বিভাজন ও বিরোধে জড়িয়ে পড়েছি। অথচ মহানবী (সা.) ছিলেন ঐক্যের প্রতীক।”
তিনি আরও বলেন, “নবিজি আল্লাহর কাছ থেকে পাওয়া বাণী মানবজাতির মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং রেখে গেছেন অনন্য আদর্শ।
তার চারিত্রিক গুণাবলি যদি আমরা সামান্যতমও অনুসরণ করতাম, তবে সমাজে অন্যায়-অপরাধ, কুপ্রবৃত্তি, হানাহানি ও রক্তারক্তি অনেক আগেই বন্ধ হয়ে যেত।”
বিএনপির এই নেতা বলেন, “আমরা যিনি প্রকৃত মডেল ও আদর্শের প্রতীক, তাকে অনুসরণ করি না। আর এটাই আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিএনপি ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।