মেঘলা আবহাওয়ায় বিলম্ব, ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান শুরু

আজ মঙ্গলবার, ৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠসহ দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে সকাল থেকেই মেঘলা আকাশ ও রোদ-বৃষ্টির লুকোচুরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে পরিদর্শনে দেখা যায়, আবহাওয়া অনিশ্চিত থাকায় সকাল ১১টা ২০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করা যায়নি। আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে কার্যক্রম শুরু করা হবে।
দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আয়োজন শুরু হয় সায়মন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা দিয়ে।
সরেজমিনে দেখা যায়, দিনটিকে ঘিরে ছিল সবার আনাগোনা। সময় যত গড়াতে থাকে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে সবাই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এ আয়োজনকে কেন্দ্র করে দারুণ সাজে সেজেছে মানিক মিয়া অ্যাভিনিউ।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের উল্টোদিকের সেচ ভবনের উল্টা পাশেই তৈরী করা হয়েছে মঞ্চ। এ মঞ্চ থেকেই আজ বিকেলে পাঠ করা হবে সবার বহুল কাঙ্খিত ‘জুলাই ঘোষণাপত্র’।
আজকের এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। জানা গেছে, আজকের এই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। যা বেলা ১১টায় শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে।