চোখের রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত চিকিৎসা

দেশের মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা বাড়ালেই হবে না, প্রয়োজন সমন্বিত সচেতনতামূলক উদ্যোগ। এ জন্য স্বাস্থ্য খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্ষুরোগের ঝুঁকি কমাতে চোখের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের মতো স্বাস্থ্যঝুঁকিও বিবেচনায় নিতে হবে। এসব রোগ পরস্পরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিচ্ছিন্নভাবে চিকিৎসা দিয়ে সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কঠিন।
তিনি বলেন, ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি হওয়ার পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। আবার চোখের ছানির অস্ত্রোপচার অনেকের জন্য ব্যয়বহুল। তাই রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সরকার একা সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।